সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা “ক্যারিয়ার এক্সপো ২০২৬”।
শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় নগরীর খান’স প্যালেসে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
আয়োজন করে ব্র্যাক ।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ মেলায় দেশের ২৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়।
দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় সকাল থেকেই চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শত শত চাকরিপ্রার্থী সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন। চাকরির সুযোগ, নেটওয়ার্কিং এবং সরাসরি নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে পুরো মেলা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
চাকরিপ্রত্যাশীরা জানান, এ ধরনের চাকরি মেলা বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুযোগ তৈরি করে। এক ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকায় তারা বেশ উৎসাহিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার দাবি জানান অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। সিলেটে প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরের চাকরি মেলা ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
