You are currently viewing সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত

সিলেটে পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রোববার (১৭ মে) সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে মতবিনিময় শেষে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেডারেশনের সভাপতি ময়নুল ইসলাম জানান, এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না মিললে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আগামী ১৯ মে থেকে শুরু হওয়ার কথা থাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হন। এ ঘটনায় শ্রমিক ফেডারেশনের কয়েকজন নেতাকে আসামি করে মামলা দায়ের করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

Leave a Reply