নর্থ ইস্ট মেডিকেল কলেজভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন ব্লাড ডোনার অর্গানাইজেশন”-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে নর্থ ইস্ট মেডিকেল কলেজের নং-১ ফাহিম গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. শাহরিয়ার হুসাইন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন ডা. আব্দুস সাকুর শপন।
প্রতিষ্ঠালগ্ন (২০০৯) থেকে সংগঠনটি রক্তদান, মানবসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে গত বছরের কার্যক্রম ও অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন অতিথিবৃন্দ।
সম্মাননা পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের পুরস্কৃত করা হয়। “Highest Blood Collector of the Year” নির্বাচিত হন মোঃ মেহেদী হাসান এবং “Highest Blood Donor of the Year” নির্বাচিত হন মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, “জীবন” ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং তরুণদের মানবিক কাজে আরও সম্পৃক্ত করবে।
