You are currently viewing অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না: পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী

অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না: পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগর পুলিশ মহানগর এলাকায় অবৈধ কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিলেট মহানগর এলাকায় এবার স্থায়ী ১টি ও অস্থায়ী ৫টিসহ মোট ৬টির বেশি পশুর হাটের অনুমতি দেওয়া হবে না। অনুমোদনের বাইরে কোথাও পশুর হাট বসানোর চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহানগরীর স্থায়ী পশুর হাট হিসেবে কাজিরবাজার হাট চালু থাকবে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন ৫টি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে। এগুলো হচ্ছে— দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার তেমুখী সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়ায় আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, শাহপরান বাজার সংলগ্ন খালি জায়গা এবং তেতলীর এসফল্ট মাঠ।

পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং জনভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। নগরবাসীকে নির্ধারিত হাটের বাইরে পশু কেনাবেচা না করার আহ্বানও জানান তিনি।

Leave a Reply