সিলেটে দায়িত্ব পালনকালে করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি ও রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাতকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেন, মো: আনোয়ার সাদাত শুধু একজন দক্ষ কর্মকর্তাই নন, তিনি করদাতাদের মাঝে করভীতি দূর করে করবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সরকারের রাজস্ব আহরণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সিলেট কর অঞ্চলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মো: আনোয়ার সাদাত বলেন, “সিলেটে কাজ করার অভিজ্ঞতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এখানকার আইনজীবীদের সহযোগিতা ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। দায়িত্ব পালনে আমি সর্বদা ন্যায়নিষ্ঠ থাকার চেষ্টা করেছি। যদি কখনও কারো মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত কর কমিশনার কাজল সিংহ, যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক এবং বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল ফজল।
যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন এবং গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।
এছাড়া অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি এম শফিকুর রহমান এবং মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো: মকবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাতের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
