You are currently viewing ​জৈন্তাপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী জাদুঘরে রূপান্তর ও পৌরসভা বাস্তবায়নের ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রী

​জৈন্তাপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী জাদুঘরে রূপান্তর ও পৌরসভা বাস্তবায়নের ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী রাজবাড়ীকে যাদুঘরে রূপান্তর করা হবে। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভার বাস্তবায়ন কাজও এগিয়ে নেওয়া হবে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে খুব শিগগিরই এলাকায় একটি পর্যটন সার্ভিস সেন্টার চালু করা হবে।

তিনি আরও বলেন, আলেম-উলামা অধ্যুষিত এ অঞ্চলের কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশগামী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু অনেকেই সঠিক ধারণা না নিয়ে বিপুল অর্থ ব্যয় করে বিদেশ যাওয়ার চেষ্টা করেন এবং প্রতারণার শিকার হন। এসব সমস্যা সমাধানে শুধু বিদেশগামীদের জন্য বিশেষায়িত একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।

সভায় তিনি উপজেলা সদরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদক নির্মূলে উপজেলা প্রশাসন এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাহির আলী কলাই, আব্দুস শুকুর, জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, বিএনপি নেতা আমিনুল ইসলাম সুহেল, নিজাপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, ইউপি সদস্য জালাল উদ্দিন, হারুনুর রশিদ, হুমায়ুন কবীর খান, আব্দুর রকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন।

Leave a Reply