বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; বরং যথাযথ সুযোগ, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত ‘জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ঠিকানা প্রয়োজন। সরকার ও জনগণ মিলে কাজ করলে জিডিএফ অবশ্যই স্থায়ী ঠিকানা লাভ করবে। একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ সময় তিনি প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
জিডিএফ-এর উপদেষ্টা ও বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম. এ. হান্নান এবং সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ঢাকার ভিশন আই ইনস্টিটিউটের অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ-এর নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, শাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী, জিডিএফ-এর সহ-সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মো. রাকিব আলী খান, ব্যবসায়ী মেহেদী হাসান দ্বীপ, হাছন রাজা লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু, রাগীব-রাবেয়া ইনস্টিটিউটের প্রিন্সিপাল হেপী রাণী দে, সংগঠক আল আমিন আহমেদ নাঈম ও দিদার ইকবাল।
এছাড়াও জিডিএফ-এর সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, শিক্ষক স্বরুফা বেগম, মলয় রায়, আনিসুল হক, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাবরক্ষক মো. শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মন্ত্রী মহোদয়কে ব্রেইলে লেখা মানপত্র পাঠ করে শোনান ও প্রদান করেন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জিডিএফ-এর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি। পাশাপাশি বিদ্যালয়ের জায়গা স্থায়ীকরণ ও একটি আধুনিক ভবন নির্মাণসহ বিভিন্ন দাবি সম্বলিত আবেদনপত্র মন্ত্রীর হাতে তুলে দেন জিডিএফ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত, শিক্ষামূলক বিষয় উপস্থাপন ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা দেখে মন্ত্রী মুগ্ধ হন।
