You are currently viewing চামড়া শিল্পে সরকারের অব্যবস্থাপনায় উদ্বেগ প্রকাশ কওমী মাদরাসা সংরক্ষণ পরিষদের

চামড়া শিল্পে সরকারের অব্যবস্থাপনায় উদ্বেগ প্রকাশ কওমী মাদরাসা সংরক্ষণ পরিষদের

চামড়া শিল্প নিয়ে সরকারের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগীয় কওমী মাদরাসা সংরক্ষণ পরিষদ। শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় নগরীর সোবহানীঘাটে সংগঠনের সদস্য সচিব মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ উদ্বেগ জানানো হয়।

সভায় গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের কোরবানির পশুর চামড়া সংক্রান্ত বক্তব্য পর্যালোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, সরকার শুধু চামড়ার মূল্য নির্ধারণ ও এতিমখানায় লবণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বাস্তবে নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

বক্তারা অভিযোগ করেন, ঈদের সময় মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা কষ্ট করে চামড়া সংগ্রহ করলেও বিক্রির সময় তারা চরম ভোগান্তির শিকার হন। সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর বাজার মনিটরিং না থাকায় ট্যানারি সিন্ডিকেটের কাছে তারা জিম্মি হয়ে পড়েন।

সভায় আরও বলা হয়, চামড়া সংরক্ষণ, পরিবহন ও শিক্ষার্থীদের খাবারসহ নানা খরচ মাদরাসাগুলোকে নিজস্ব তহবিল থেকে বহন করতে হয়। এতে অধিকাংশ প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ে। বক্তারা দাবি জানান, চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে বাজারে ক্রেতা ও ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।

সভায় শামীমাবাদ মাদরাসার মুহতামিম সৈয়দ হাফিয শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার প্রতিনিধি মাওলানা শিব্বির আহমদ, দরগাহ মাদরাসার প্রতিনিধি মুফতি রশিদ আহমদ, দারুস সালাম মাদরাসার প্রতিনিধি মাওলানা নিয়ামত উল্লাহ, সোবহানীঘাট মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা আহমদ কবীর আমকুনী, মুক্তিরচক মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুর রহমান ও রামধা মাদরাসার মুহতামিম মাওলানা ইউছুফ আহমদ খাদিমানীসহ বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply