ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ। এখন থেকে কেউ চাইলে নগদ টাকা, স্বর্ণ, রৌপ্যসহ মূল্যবান সম্পদ পুলিশের ভল্টে নিরাপদে সংরক্ষণ করতে পারবেন।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, ঈদের ছুটিতে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করেন। এ সময় চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে পুলিশের পক্ষ থেকে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।
তিনি আরও জানান, কেউ যদি বড় অঙ্কের টাকা বহনের সময় পুলিশের সহায়তা চান, সেক্ষেত্রেও সহযোগিতা করবে সিলেট মহানগর পুলিশ। এজন্য আগেই সংশ্লিষ্ট থানা বা পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
এসএমপি কমিশনার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে এবং নাগরিকদের নিরাপদ ঈদ উপহার দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
