You are currently viewing ১৯ দিনের ব্যবধানে আবারও খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

১৯ দিনের ব্যবধানে আবারও খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

সিলেটের আধ্যাত্মিক রাজধানীখ্যাত হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গণনা করা হবে।

আগামী শনিবার (১১ জুন) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই গণনা কার্যক্রম সম্পন্ন হবে। আজ বুধবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৪টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার পরিদর্শনে যান। এ সময় তিনি মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত ১৮ জুন বিকালে মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।  এরপর গত ২২ জুন ৭শ বছরের প্রথা ভেঙে মাজারের ঐতিহাসিক ডেক ও দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা সোনালি ব্যাংকের একটি নতুন অ্যাকাউন্টে জমা রাখা হয়। মাজারের ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট আলোচনা ও সমালোচনার মধ্যে জেলা প্রশাসককে প্রত্যাহারের পর এবার নতুন গঠিত কমিটির তত্ত্বাবধানে ফের এই গণনা ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। এবারের গণনাকৃত অর্থও জেলা প্রশাসকের সোনালী ব্যাংকের সেই নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখা হবে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সম্প্রতি ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।

গঠিত কমিটির অপর সদস্যরা হলেন- সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেটের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মাজারের মতোয়াল্লি পরিবারের দুই সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি। এই কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।

Leave a Reply