You are currently viewing ঈদে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা, ছুটিতে নেই পুলিশ: এসএমপি কমিশনার

ঈদে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা, ছুটিতে নেই পুলিশ: এসএমপি কমিশনার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী। ঈদের জামাত ও পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অধিকাংশ ফোর্সকে এবার ছুটি দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
এসএমপি কমিশনার জানান, বিশেষ করে পুলিশের অপারেশনাল ইউনিটগুলোর ছুটি বাতিল করা হয়েছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা দিনে নির্ধারিত ডিউটি শেষ করার পরও রাতেও সমানভাবে দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা ব্যবস্থার বিবরণ দিয়ে পুলিশ কমিশনার বলেন, ঈদে মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ৪০টি মোবাইল টিম মাঠে কাজ করছে। এর পাশাপাশি ১০ থেকে ১২টি বিশেষ মোটরসাইকেল পেট্রোল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে।
পুলিশ কমিশনার আরও আশ্বস্ত করেন যে, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের প্রধান প্রধান জামাত যেন সম্পূর্ণ নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া ঈদ পরবর্তী সময়ে সিলেটে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply