You are currently viewing সিলেটে ২০১ জন আহত ও নিহত শ্রমিকের পরিবার পেলেন সাড়ে ৬৩ লাখ টাকার আর্থিক সহায়তা

সিলেটে ২০১ জন আহত ও নিহত শ্রমিকের পরিবার পেলেন সাড়ে ৬৩ লাখ টাকার আর্থিক সহায়তা

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২০১টি পরিবারের মাঝে সর্বমোট ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

​সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

​ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে শ্রমিক পরিবারগুলোকে আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। ঈদের পূর্বেই এই অর্থ পাওয়ায় পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফুটেছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, ডিআইজি ড. মো. জিললুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক সন্দীপ কুমার সিংহ প্রমুখ।

Leave a Reply