You are currently viewing শাবিপ্রবির অধিভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবির অধিভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর২০২৬) দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন শত শত শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত তাদের দাবির বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান। পরে সন্ধ্যার দিকে মিছিল নিয়ে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে যান।

এদিকে টানা আন্দোলনের কারণে বুধবারও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজটির প্রশাসনিক ও একাডেমিক কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধান হিসেবে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলেজটিকে সরাসরি অঙ্গীভূত বা অধিভুক্ত করার দাবি জানিয়ে আসছেন।

দাবি আদায়ে এর আগে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শুধু আশ্বাস নয়, দাবি বাস্তবায়নের জন্য কার্যকর সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

কোর্ট পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান চান তারা।

উল্লেখ্য, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তিনটি বিভাগে পাঁচটি ব্যাচে কলেজটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছেন। কলেজটির একাডেমিক কার্যক্রম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং প্রশাসনিক কার্যক্রম কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।

Leave a Reply