সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস সদৃশ পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরে এ ঘটনা দেখা যায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং হাওরপাড়ে ভিড় জমে।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বোরো ধান কাটার পর টগার হাওর পানিতে তলিয়ে যায়। এ সময় হাওরের মধ্যে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে হঠাৎ করে কাদাজল মিশ্রিত গ্যাসের মতো পদার্থ উচ্চচাপে উপরে উঠতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা রকি মিয়া জানান, হাওরের মাঝখান থেকে দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে দেখে উৎসুক মানুষ সেখানে জড়ো হন।
পাইকুরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, এলাকায় গ্যাসের খনি থাকার কথা আগে থেকেই শোনা যায়। খবর পেয়ে তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বর্তমানে গ্যাস নির্গমন বন্ধ রয়েছে বলে জানান তিনি।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, বিষয়টি নিয়ে অনেকেই যোগাযোগ করেছেন। তবে এটি প্রকৃতপক্ষে গ্যাস কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।
