You are currently viewing শাহপরাণ বাইপাসে ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী, বিনিয়োগের আশাবাদ মন্ত্রীর

শাহপরাণ বাইপাসে ১৮৮ একর জমিতে নতুন বিসিক শিল্পনগরী, বিনিয়োগের আশাবাদ মন্ত্রীর

সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সাধারণ স্পেস ও অন্যান্য সুবিধা বাদ দিয়ে প্রস্তাবিত শিল্পনগরীতে প্রায় ১১০ একর জমিতে নিট প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। শিল্পের আকার অনুযায়ী প্লটের সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি বলেন, বাইপাসের বর্তমান সড়কটি ভবিষ্যতে ৬ লেনের মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সড়ক কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং ডিপিপি তৈরির কাজ চলছে। সড়কটি ঢাকা-সিলেট মূল মহাসড়কের বিকল্প মহাসড়ক হিসেবে ব্যবহৃত হবে।

মন্ত্রী আরও বলেন, নতুন বিসিক শিল্পনগরীটি প্রায় ৩ কিলোমিটার সংযোগ সড়কের মাধ্যমে দক্ষিণ সুরমার গোটাটিকর ও আলমপুরের বিদ্যমান বিসিক শিল্পনগরীর সঙ্গে যুক্ত করা হবে। কাছাকাছি রেললাইন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং পাশের জলাশয় থাকায় স্থানটি শিল্পনগরীর জন্য উপযোগী।

তিনি আশা প্রকাশ করে বলেন, সিলেটের স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীসহ দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তারা এখানে বিপুল সংখ্যায় বিনিয়োগ করবেন।

আইটি ও ডিজিটাল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাইটেক পার্কের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আগামী মাসের প্রথম শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাকে সঙ্গে নিয়ে তিনি পুনরায় সিলেট পরিদর্শন করবেন। সেখানে একটি এআই ট্রেনিং সেন্টার স্থাপন করে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের কম সুদে ঋণ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শিল্প সচিব আব্দুন নাসের খান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিসিক এর চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নুরের জামান চৌধুরী, বিসিকের জিএম প্লানিং ড. ফরহাদ আহমেদ, বিসিক সিলেট জেলা কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী ম. সুহেল হাওলাদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply